রেজিঃ নং চ-৫৫১
সিলেটের গোয়াইনঘাটে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বগাইয়া গ্রামের আবদুল্লাহ মিয়া নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ২০২২ সালে দায়ের হওয়া মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সোমবার এ রায় ঘোষণা করা হয়।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুবাইয়া ইয়াসমিন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মোশতাক আহমদ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল্লাহ মিয়া সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বগাইয়া গ্রামের বাসিন্দা। মামলায় তিনি ছিলেন একমাত্র আসামি।
মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালে বগাইয়া গ্রামের এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন বলে আবদুল্লাহ মিয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়।
পরে মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শুরু হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আবদুল্লাহ মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।