রেজিঃ নং চ-৫৫১
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী ফারুক আহমদ কুনকিরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মামুন স্যারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দুপুর ২টায় বিদ্যালয় মাঠে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের দীর্ঘ ও গৌরবোজ্জ্বল পথচলার অন্যতম এই সারথি ও মানুষ গড়ার কারিগরকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান তাঁর সহকর্মী, শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও রুস্তমপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান শাহাব উদ্দিন, মো: আব্বাস উদ্দিন, সভাপতি, গোয়াইনঘাট উপজেলা শিক্ষক সমিতি । এ ছাড়াও অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিদায়ী প্রধান শিক্ষক মামুন স্যারের দীর্ঘ কর্মজীবনের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বিদ্যালয়টির প্রতিষ্ঠালগ্ন থেকে তাঁর কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে তিনি অত্র অঞ্চলের শিক্ষার আলো বিস্তারে অনন্য ভূমিকা পালন করেছেন। তাঁর সততা, শৃঙ্খলা ও স্নেহপূর্ণ আচরণ বিদ্যালয়টির শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে আজীবন অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক আবেগঘন পরিবেশে বিদায়ী প্রধান শিক্ষক মামুন স্যারকে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক মণ্ডলী এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন সম্মাননা স্মারক, মানপত্র ও বিদায়ী উপহার তুলে দেওয়া হয়।
এ সময় মামুন স্যার তাঁর বক্তব্যে বিদ্যালয়ের সকল শিক্ষক, পরিচালনা কমিটি ও শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি এক অভূতপূর্ব ও আবেগপূর্ণ আবহ তৈরি করে।