রেজিঃ নং চ-৫৫১
‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যে সিলেটে বিশ্ব মান দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম,।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই, সিলেট এর অফিস প্রধান নূর মোহাম্মদ মোস্তফা।
তিনি তার বক্তৃতায় বলেন, পরিচ্ছন্ন জ্বালানির দৃশ্যমান সাফল্যের পেছনে যে অদৃশ্য অবকাঠামো কাজ করে, তার নাম ‘মান’। মানসম্মত প্রযুক্তি শক্তির অপচয় কমায়, দক্ষতা বাড়ায়, মানুষ ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করে এবং নবায়নযোগ্য জ্বালানির প্রতি মানুষের আস্থা সৃষ্টি করে।
দিবসটির প্রতিপাদ্য বিষয় “Shared vision for a better world-affordable and clean energy’ অর্থাৎ ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ এর উপর মূল প্রবন্ধে শাবিপ্রবির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
এর সহকারী অধ্যাপক আরিফ আহাম্মদ। প্রণীত মান ও এর বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং প্রতিপাদ্য বিষয় তথা নবায়নযোগ্য শক্তি বিশেষ করে সোলার পাওয়ার ব্যবহারে উপর বাস্তবসম্মত উপস্থাপনা প্রদান করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পণ্যের গুণগত মান ভোক্তার আস্থা অর্জনের অন্যতম শর্ত। মানসম্মত পণ্য পাওয়া প্রত্যেক ভোক্তার অধিকার। নিম্নমানের পণ্য শুধু ভোক্তার ক্ষতিই করে না, আন্তর্জাতিক বাজারে দেশের পণ্যের গ্রহণযোগ্যতা কমিয়ে দেয় এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।
বক্তারা সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ ও সোলার প্যানেলের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে বিএসটিআই থেকে হালাল সনদ গ্রহণ, মেট্রিক পদ্ধতিতে পরিমাপ নিশ্চিত করা এবং পণ্যের মোড়কে নিট ওজন, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
একই সঙ্গে পণ্যের মান যাচাইয়ে বিএসটিআইয়ের অনুমোদন চিহ্ন ও কিউআর কোড যাচাই করে পণ্য কেনার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়।