রেজিঃ নং চ-৫৫১
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় মাদক নিয়ন্ত্রণে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় ইউনিয়ন পরিষদের প্রশাসক বদরুল ইসলাম, ওয়ার্ড সদস্য দিলীপ কান্তি দাশ, পেয়ারা বেগম ও হেলাল উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসাইন। তিনি বলেন, “মাদক নিয়ন্ত্রণে আনতে হলে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব আরও বাড়াতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
উপজেলা যুবদল নেতা জৈন উদ্দীন বলেন, “আমাদের লজ্জা হয় যে ইউনিয়নে মাদক এমনভাবে বেড়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না; এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপরও। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষামূলক কার্যক্রম ও সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সভায় মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের সহযোগিতা কামনা করে স্থানীয় পর্যায়ে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি পরিচালনার ওপরও গুরুত্ব দেওয়া হয়।