রেজিঃ নং চ-৫৫১
জনস্বাস্থ্য সুরক্ষা, ডেঙ্গু রোগের বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি এবং বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।
মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় জনস্বাস্থ্য সুরক্ষায় ডেঙ্গুর বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।