রেজিঃ নং চ-৫৫১
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে অবৈধভাবে বালু তুলতে গিয়ে মাটি চাপা পড়ে বারেক মিয়া (৪৫) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার নয়াবস্তি এলাকায় পিয়াইন নদীতে এ ঘটনা ঘটে।
নিহত বারেক মিয়া গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের বাউর ভাগ হাওর (বাংলাবাজার) এলাকার জংসের মিয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালেও জীবিকার তাগিদে পিয়াইন নদীতে বালি তুলতে যান বারেক মিয়া। নদীতে কাজ করার সময় আকস্মিকভাবে প্রায় ১৫ হাত পানির নিচে মাটির স্তূপ ধসে পড়ে। এতে তিনি মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয় অন্যান্য শ্রমিক ও উদ্ধারকারীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহত বারেক মিয়া পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন বলে জানা গেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিহতের স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। জীবিকার তাগিদে বালু তুলতে গিয়ে এমন মর্মান্তিক প্রাণহানির ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছ।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক বলেন, জাফলংয়ে নদীতে বালু তুলতে গিয়ে এক বালু চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।